পোপ লিও চতুর্দশ রোববার আন্দিজ পর্বতমালা পেরিয়ে আমাজন অঞ্চলে পৌঁছেছেন। সেখানে তিনি সতর্ক করে বলেছেন, পরিবেশ ধ্বংসের ফলে আমাজনের বনাঞ্চল এবং এর ওপর নির্ভরশীল মানুষের জীবন হুমকির মুখে পড়ছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৪০০ মিটারের বেশি উচ্চতায় অবস্থিত প্রাচীন ইনকা সাম্রাজ্যের রাজধানী কুসকো সফরের কয়েক ঘণ্টা পর ৭১ বছর বয়সী পোপ আমাজনের জঙ্গলে পৌঁছান। সেখানে তিনি বলেন, ‘পৃথিবীর আর্তনাদ এবং দরিদ্র মানুষের আর্তনাদ পরস্পর বিচ্ছিন্ন নয়।’
পেরুর পুকালপা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নিজেদের ভূখণ্ড রক্ষায় নিহত আদিবাসী নেতাদের হত্যার বিচার দাবি করেন তিনি। ধর্মপ্রচারক ও আমাজন অঞ্চলের জনগোষ্ঠীর প্রতিনিধিদের উদ্দেশে পোপ বলেন, ‘আমাদের এই ভাইদের রক্ত ঈশ্বরের কাছে বিচার চাইছে।’
পেরুর উকায়ালি নদীর তীরে অবস্থিত পুকালপায় যান পোপ। অঞ্চলটি দেশটির বন উজাড়ের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত পেরুতে ৩২ লাখ হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে। আয়তনের দিক থেকে এই বনভূমি প্রায় বেলজিয়ামের সমান।





