মাতুয়াইলে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মাতুয়াইলের টিনশেড প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে মাতুয়াইল কলেজ রোডের কোনাপাড়ার ওই কারখানাটিতে সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এসব তথ্য জানান। তিনি জানান, আগুন লাগার পরপরই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, আমাদের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।”

কীভাবে ওই কারখানায় আগুন লাগল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি ফায়ার সার্ভিস।