খরচ ছাড়াই শিখুন এআই, সঙ্গে পাবেন দৈনিক ২০০ টাকা ভাতা

তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ করে গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক মৌলিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে দুই মাস মেয়াদি এই বিশেষ কোর্সটিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন। এই কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা www.dydaiproject.com/apply ঠিকানায় অনলাইনে আবেদন করতে পারবেন।

তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় এআই-ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে এই প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলা এই কার্যক্রমে ৫০ কার্যদিবসে প্রতিদিন ৬ ঘণ্টা করে প্রশিক্ষণার্থীরা মোট ৩০০ ঘণ্টার নিবিড় হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণার্থীদের জন্য এই কোর্সটি সম্পূর্ণ বিনা মূল্যে পরিচালিত হবে। পাশাপাশি অনাবাসিক প্রশিক্ষণার্থীদের যাতায়াতের সুবিধার্থে দৈনিক ২০০ টাকা হারে ভাতা দেওয়া হবে এবং প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। কোর্স শেষে নির্ধারিত মূল্যায়নে উত্তীর্ণদের সরকারি সনদ প্রদান করা হবে, যা তরুণদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বড় ভূমিকা রাখবে।

এই প্রশিক্ষণে অংশ নিতে হলে প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা থাকতে হবে। তবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান ও ইংরেজিতে দক্ষ তরুণ-তরুণীরা অগ্রাধিকার পাবেন। আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে www.dydaiproject.com/apply লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন লিংকটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আবেদন জমা দেওয়ার পর কপি সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া শেষে বৈধ প্রার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ নভেম্বর লিখিত এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এরপর ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে। সারা দেশে সুষ্ঠুভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বিভাগভিত্তিক চারটি প্যাকেজের মাধ্যমে শীর্ষস্থানীয় কয়েকটি আইটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।