বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির ইমেইল, ক্লাউড স্টোরেজ, অনলাইন মিটিং ও দাপ্তরিক কাজের জন্য ব্যবহৃত একাধিক সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা।

ইন্টারনেট সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাইক্রোসফটের সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন গ্রাহকেরা। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী মাইক্রোসফট আউটলুকে প্রবেশ করতে সমস্যার কথা জানান।

বিভ্রাটের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মাইক্রোসফট জানায়, সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সেবা স্বাভাবিক করতে আক্রান্ত সার্ভারগুলো পুনরায় চালুর উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের তথ্যমতে, এ বিভ্রাটে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত সেবার তালিকায় রয়েছে আউটলুক, মাইক্রোসফট টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, মাইক্রোসফট কোপাইলট ৩৬৫, মাইক্রোসফট প্ল্যানার ও মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন। এসব সেবার মাধ্যমে ইমেইল আদান-প্রদান, ক্লাউডে ফাইল বিনিময়, অনলাইন মিটিং ও দাপ্তরিক কাজ পরিচালনা করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটির ক্লাউডভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা মাইক্রোসফট ডিফেন্ডারও বিভ্রাটের আওতায় রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের সেবা ব্যাহত হওয়ায় দৈনন্দিন বিভিন্ন কার্যক্রমেও প্রভাব পড়েছে। ইমেইল আদান-প্রদানের পাশাপাশি ডেটাবেজে প্রবেশ, অনলাইন ক্লাস, টেলিহেলথ সেবা ও পণ্যের অর্ডারসংক্রান্ত কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকারি সেবাকেন্দ্রও কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগেও চলতি বছরের জানুয়ারিতে মাইক্রোসফটের সেবায় একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। সে সময় আউটলুক, টিমস ও মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।