শুটিং শেষ হল দেব-শুভশ্রী জুটির সাত নম্বর ছবি ‘দেশু ৭’-এর। সেই সুবাদেই শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে ‘মালা রে’ গানটিতে পা মেলাতে দেখা গেল দেবকে। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটা ছোট্ট ভিডিও ভাগ করেন টলিউডের ‘মেগাস্টার’। সেখানে দেখা গেল পাহাড়ি রাস্তায় ‘রোমিও’ ছবির বিখ্যাত গান ‘মালা রে’তে নাচছেন তাঁরা।
আগে শোনা গিয়েছিল, দেব-শুভশ্রীর এই ছবির আউটডোর শুটিং লাদাখে হতে পারে। তাই শুটিংয়ের শেষদিনে সেই পাহাড়ের কোলেই নিজেদের পুরনো গান দিয়েই সেলিব্রেট করলেন দেব-শুভশ্রী। চলতি বছর পুজোয় মুক্তি পাবে ‘দেশু ৭’। এই ছবির হাত ধরেই প্রথমবার পরিচালকের আসনে বসেছেন দেব। জানা যাচ্ছে, তাঁকে এই ছবিতে একজন ডাক্তারের চরিত্রে দেখা যাবে। শোনা যাচ্ছে, তাঁর নাম নাকি ডঃ শুভস্মিতা চৌধুরী। যদিও তিনি পেশায় চিকিৎসক নাকি ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত, তা এখনও পর্যন্ত খোলসা নয়।
তবে এর মধ্যেই শুভশ্রীর ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে, ছবিতে নায়িকার সঙ্গে যোগ থাকতে পারে রাজনীতিরও। অন্যদিকে, দেবও নাকি একজন চিকিৎসকের চরিত্রেই। দু’জন মিলে কোন গল্প বলতে আসছেন? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই জুটি সাত নম্বর বার ফিরছে মানে নতুন চমক যে আনছেই তার বলাই বাহুল্য।
‘দেশু ৭’-এর শুটিং শেষ করে পরিচালক দেবকে খোলা চিঠির লেখেন শুভশ্রী। সমাজমাধ্যমে নায়িকা জানান, দেবের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা যে তাঁকে প্রথমে খানিকটা অবাক করেছিল, তা গোপন করেননি শুভশ্রী। বরং অকপট স্বীকারোক্তি, শুরুতে নাকি দেবকে দেখে কিছুটা ঈর্ষাই হয়েছিল তাঁর। কারণ অভিনেতা দেবকে তিনি চিনতেন কিন্তু পরিচালক দেবকে দেখে তিনি বিস্মিত হয়েছিলেন। এতদিন যাঁকে অভিনেতা হিসাবে চিনতেন সেই মানুষটি পরিচালকের দায়িত্ব সামলাতে গিয়ে এতটাই গুছিয়ে নিজের ভাবনা, লক্ষ্য এবং গল্প বলার ধরন নিয়ে সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা শুভশ্রীর কাছে ছিল বিস্ময়ের।
তাঁর মনে প্রশ্নও জেগেছিল, ‘‘অভিনেতা হিসেবে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে দেব কখন চিত্রনাট্য এবং ছবি তৈরির এত কিছু শিখে ফেলল? কীভাবে এতটা গুছিয়ে সবটা সামলাচ্ছে?’’ তবে শুটিং যত এগিয়েছে, সেই ঈর্ষা ধীরে ধীরে বদলে গিয়েছে অনুপ্রেরণায়। দেবকে পরিচালকের ভূমিকায় কাজ করতে দেখে তাঁর প্রতি আরও বেশি শ্রদ্ধা তৈরি হয়েছে শুভশ্রীর। অভিনেতার পাশাপাশি পরিচালকের সত্তাতেও যে দেব নিজেকে প্রমাণ করার ক্ষমতা রাখেন, তা এই ছবির শুটিং-এ উপলব্ধি করেছেন শুভশ্রী৷





