ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনে যাওয়ার পথে ২৪৩ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ জাভা সাগরে নিখোঁজ হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) উদ্ধারকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি যাত্রীদের অবস্থা এখনো অজানা।
ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামের জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তনের বানজারমাসিনের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় রাত ২টার দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বানজারমাসিনের ক্লাস এ সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান ই পুতু সুদায়ানা জানিয়েছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার দুই ঘণ্টা পর তারা জরুরি খবর পান। এরপর যৌথ উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়।
সুদায়ানা এক বিবৃতিতে বলেন, “সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজটি জাভা সাগরে খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছে। বানজারমাসিনের বাসিরিহ সার ডক থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল বা ৯২ মাইল দূরে এর অবস্থান।”
জাহাজটিতে থাকা ২৪৩ জনের মধ্যে ৩০ জন ক্রু সদস্য ছিলেন। বাকি ২১৩ জন যাত্রী। এখন পর্যন্ত ৮৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং একজনের মৃতদেহ পাওয়া গেছে। বাকিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বানজারমাসিনের উদ্ধার সংস্থার অভিযান বিভাগের প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকর্মীদের ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। আমরা ত্রিসাক্তিতে একটি অভিযান কেন্দ্র স্থাপন করেছি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির পরিচালনাকারী সংস্থা দুর্যোগের খবর পাওয়ার পর ঘটনাটি জানায়। তাদের পাওয়া তথ্য অনুযায়ী, জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিল।
সূত্র: আন্দুলু





