জামায়াতে ইসলামী পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
রোববার (৩০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন লেখেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে যায়নি। অথচ বর্তমানে সংসদ অধিবেশন চলাকালে বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ ভবন ঘেরাও করা হয়েছে।
এ সময় পরবর্তী সময়ে সংসদ ভবনের ভেতরে ঢুকে ২০২৪ সালের মতো পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোনো নেতা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। গত ১৬ বছরে যারা সংসদ ভবন ঘেরাওয়ে গেছেন, তাদের কেউ সেখানে গিয়েছিলেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, পুলিশ কিছু বলবে না—এমন ধারণা থেকেই জামায়াত পুলিশি নিরাপত্তায় সরকার পতনের স্বপ্ন দেখছে।
তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পুলিশি নিরাপত্তায় হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পুলিশি নিরাপত্তা নিয়ে লংমার্চ কিংবা সচিবালয় ও জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। যারা বিরোধী দল পরিচালনা করতে পারে না, তারা রাষ্ট্রে অশান্তি সৃষ্টি করতে পারলেও ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করতে পারবে না।





